মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ মার্কিন নাগরিকদের, সতর্ক ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন অঞ্চলটিতে অবস্থানকারী নাগরিকদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবার আহ্বান জানিয়েছে। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল পৃথকভাবে এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখন থেকে সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া এবং ভ্রমণে যেকোনো ধরনের বিঘ্ন ঘটার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান অথবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের কোনো সামরিক ঘাঁটির আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জর্ডান সরকারের নির্দেশনা অনুসরণ এবং নিয়মিত সরকারি সতর্কবার্তা পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।