এলডিসি উত্তরণের পরও ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের পরও বাংলাদেশের অধিকাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবে। এলডিসি থেকে উত্তরণের পরবর্তী তিন বছরের পরিবর্তনকালীন সময়েও বর্তমানের এই শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে, যার মধ্যে তৈরি পোশাক খাতও অন্তর্ভুক্ত রয়েছে।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে-অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনের অধিবেশনে সারাহ কুক এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর জন্য বাণিজ্য সুবিধা কর্মসূচি বিশ্বের অন্যতম সহজ এবং উদার বাণিজ্য ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে, যা এলডিসি থেকে উত্তরণের পরও তিন বছরের পরিবর্তনকাল জুড়ে অব্যাহত থাকবে।

নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে বৃটিশ হাইকমিশনার বলেন, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া অর্থনৈতিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় দুই দেশের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন সারাহ কুক।

রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা প্রদর্শন করেছে, যুক্তরাজ্য তার স্বীকৃতি দেয়। সংকটটির প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতে এবং আশ্রিত ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তা অব্যাহত রাখতে ব্রিটেন কাজ করে যাচ্ছে। সারাহ কুক পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বার্থ এখানে একে অপরের পরিপূরক। বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর যৌথভাবে কাজ করছে। পাশাপাশি জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্বন বাজার তৈরিতেও বাংলাদেশকে সহায়তা করছে যুক্তরাজ্য।