উবার চালকদের জন্য নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু

অ্যাপ-ভিত্তিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার বাংলাদেশে গাড়িচালকদের জন্য নতুন একটি হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করেছে। চলতি বছরের শুরুর দিকে মোটরসাইকেল চালকদের জন্য এই সুবিধা চালুর পর এবার গাড়িচালকদের জন্যও তা উন্মুক্ত করা হলো। নতুন এই মডেলের মাধ্যমে চালকরা তাদের কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী 'সময়ভিত্তিক' অথবা 'আয়ভিত্তিক' সাবস্ক্রিপশন পাস বেছে নিতে পারবেন।

এই নতুন ব্যবস্থায় ট্রিপপ্রতি কমিশনের পরিবর্তে চালকদের একটি নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। এর ফলে সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা প্রতিটি ট্রিপে শূন্য শতাংশ কমিশন সুবিধা পাবেন। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো অর্থই চালকের কাছে থাকবে, যা তাদের খরচের কাঠামোকে আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করে তুলবে এবং বেশি ট্রিপ নেওয়ার সুযোগ তৈরি করবে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী জানান, চালকদের জন্য প্ল্যাটফর্মে কাজ আরও সহজ ও লাভজনক করাই তাদের লক্ষ্য। বাইকচালকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই গাড়িচালকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই সাবস্ক্রিপশন মডেলের পাশাপাশি উবার অ্যাপে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া এবং অ্যাপের মাধ্যমে জরুরি সহায়তার মতো নিরাপত্তা সুবিধাও বহাল রয়েছে। উবার কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ চালকদের আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের রাইড-শেয়ারিং খাতে নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও সুদৃঢ় করবে।