নওগাঁর মান্দায় দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী। অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।