ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য ও অর্থ লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির জলসীমায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনে বুধবার আবুধাবি এই কঠোর সিদ্ধান্ত ঘোষণা করে। তবে তেহরান এই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের অর্থনীতিতে দুবাইয়ের অত্যন্ত গভীর ভূমিকা রয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট আলজাজিরাকে জানিয়েছেন, দুবাই নীরবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন ও তুরস্ককে ছাড়িয়ে প্রতিবছর ইরানের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ পণ্য দুবাইয়ের মাধ্যমে সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে এই নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বড় চাপে ফেলবে।

যুদ্ধের শুরুর দিকে মার্চের শুরুতে দুই দেশ সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল স্থগিত করেছিল, যা জুনের শেষ দিকে দুবাইয়ের জেবেল আলি বন্দর দিয়ে আবার শুরু হয়। গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার ৬০ দিনের সময়সীমা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পরদিন এই হামলার ঘটনা ঘটল। মে মাসের পর এটি আমিরাতকে লক্ষ্য করে প্রথম হামলা। এর আগে আবুধাবি অভিযোগ করেছিল, হরমুজ প্রণালিতে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন এডিএনওসির দুটি জাহাজে তেহরান হামলা চালিয়েছে, যার দায় ইরান স্বীকার করেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এই ধরনের অভিযোগ প্রতিবেশীসুলভ নীতির পরিপন্থি এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র হতে পারে। এদিকে, ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাড়লে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বা সম্পদে আঘাত হানার কথা বিবেচনা করছে ইরান। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইউরোপের বুলগেরিয়া ও সাইপ্রাসকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, জোটটি যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং সব মিত্র দেশকে রক্ষায় সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।