তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি আছড়ে পড়ার আগেই এর পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি আকাশে উড়েছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিস্তারিত তদন্তের মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, তুরস্কের গণমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের বিশাল গোলা এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

