বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার

শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরবর্তীতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমেও এই পরিকল্পনার কথা জানানো হয়।

শিক্ষামন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা চমৎকার কাজ করছেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি প্রদান, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য। সেরা শিক্ষক নির্বাচনের জন্য বর্তমানে একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য অনুযায়ী শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে এবার পুরস্কারের পরিধি বাড়ানো হয়েছে। এর আওতায় সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মধ্য থেকে বাছাই করা ১০০ জনকে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও পর্যায়ক্রমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।