ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং ৯ হাজার মেট্রিক টন ছোলা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২ লিটার ধারণক্ষমতার পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও করসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮১ টাকা ৫০ পয়সা। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই তেল সরবরাহ করতে চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এছাড়া মজুমদার ব্রান ওয়ান মিলস লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড সরবরাহ করবে ৩০ লাখ লিটার করে। এর মধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের ৩০ লাখ লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।
অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ হাজার মেট্রিক টন ছোলা কিনতে সরকারের ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। ভ্যাট ও করসহ প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা। এই ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হরশাম এলাকার প্রতিষ্ঠান 'অস্ট-গ্রেইন এক্সপোর্টস'-কে সুপারিশ করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাবটিরও অনুমোদন দিয়েছে।

