প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে নয়াদিল্লি সফর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রের ধারণা, চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুতে এই দ্বিপক্ষীয় সফরটি অনুষ্ঠিত হতে পারে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই সফরটি সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে।
সোমবার রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছানোর পর মঙ্গলবার দুপুরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন সফর এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। মোদির সঙ্গে বৈঠকের পর ত্রিবেদী ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেছেন। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া ত্রিবেদী ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন, যার মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সফরকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বার্তা পৌঁছে দেওয়া।
তারেক রহমানের ভারত সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা। বিশেষ করে, বর্তমানে ভারতে অবস্থানরত পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি দিল্লির কাছে তুলে ধরা হয়েছে। ঢাকা চায় প্রধানমন্ত্রীর সফরটি যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো যেন পূরণ হয়। এই প্রত্যাশার বিষয়টিই মোদির কাছে পৌঁছে দিয়েছেন ত্রিবেদী।
সফরটির অন্যতম প্রধান আলোচ্য বিষয় গঙ্গা পানি বণ্টন চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ই ডিসেম্বর শেষ হচ্ছে। সরকার নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ এবং বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহজনিত বন্যা ও ক্ষয়ক্ষতি রোধে বিশেষ ব্যবস্থার দাবি জানাচ্ছে। যদিও চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের অবস্থানে এখনো কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টিও দিল্লির কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে ঢাকা।
উল্লেখ্য যে, গত আগস্ট মাসে ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিন থেকেই ত্রিবেদীর দিল্লি যাতায়াতের ঘটনাগুলো সফর প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনদিনের সফর শেষে আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও তিনি বৈঠক করেছেন। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভারত সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার তারেক রহমানের সফরটিকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলতে চায়।

