হেরোইন খুঁজতে গিয়ে তুরাগ নদে তাহসিফের মৃত্যু, চাঞ্চল্যকর তথ্য

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপ পুলিশকে জানিয়েছেন, গত ২৭ অক্টোবর রাতে বান্ধবী জেরিকা তাসনীম দিশার সঙ্গে সোনারগাঁ জনপথের পাশের নেস্ট বারে মদ্যপ অবস্থায় বিরোধের পর হেরোইন কিনতেই তাহসিফ টঙ্গীর মাজার বস্তিতে যান। ওই তুরাগ তীরের মাঠে বসে মাদক সেবন করেই তাহসিফ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভয়ে নদীর দিকে দৌড় দেন। তবে দীপ দাবি করেছেন, তিনি তাহসিফকে তুরাগ নদে পড়ে যেতে নিজে চোখে দেখেননি।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, দিশা কিছু দিন আগে অন্য এক যুবকের বাসায় ইয়াবা সেবন করতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এই বিষয়টি জেনে যাওয়ার পর ২৭ অক্টোবর তাহসিফ দিশাকে ফোন করে দেখা করতে বলেন এবং নেস্ট বারে নিয়ে যান। বারে প্রবেশের পর তাহসিফ কর্তৃপক্ষকে স্যাড সং বাজাতে বলেন। প্রায় দেড় ঘণ্টা মদ্যপানের সময় দিশার সঙ্গে অন্য যুবকের ইয়াবা সেবন ও রাত কাটানোর বিষয়ে তাহসিফ প্রশ্ন করতে থাকেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তাহসিফ দিশাকে বলেন, তুমি তো ইয়াবা খেয়েছ, আমি এর চেয়েও বড় কিছু খাব, আমি হেরোইন খাব।

বার থেকে বেরিয়ে তাহসিফ দিশাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে তার বাসায় পৌঁছে দেন। এরপর তাহসিফ ও দীপ নিজ নিজ মোটরসাইকেলে টঙ্গী মাজার বস্তি সংলগ্ন মাঠের উদ্দেশে রওনা হন। মাঠের পাশের বস্তির কাছে মোটরসাইকেল পার্ক করে তারা গলি দিয়ে মাঠে যান। সেখানে উপস্থিত মাদক কারবারিদের কাছে তাহসিফ উচ্চস্বরে হেরোইন চান এবং টাকা দিয়ে তা কিনে সেবন করেন। বারে মদ্যপানের পর মাঠে মাদক সেবন করায় তাহসিফ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

মাঠে মাদক সেবনের সময় পুলিশের টহল দল চলে এলে মাদক কারবারিরা পালিয়ে যান। দীপও দৌড়ে নদীর পাড়ের দিকে চলে যান এবং ২৯ নম্বর পিলারের পেছনে লুকিয়ে থাকেন। দুই-তিন মিনিট পর পুলিশ তাকে ঘিরে ধরে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে তাহসিফের বন্ধু হিসেবে পরিচয় দেন। পুলিশ তাকে বাসায় চলে যেতে বললে তিনি বস্তির সরু রাস্তা দিয়ে ভেতরে ঢুকে পথ হারিয়ে ফেলেন। পরে এক মাদকসেবীর সহায়তায় মূল সড়কে এসে নিজের মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যান। দীপ দাবি করেছেন, তিনি তাহসিফকে পানিতে পড়তে দেখেননি।

সিসিটিভি ফুটেজের সময় বলছে, রাত ১টা ২০ মিনিটের দিকে দীপ মাঠ থেকে একা বের হয়ে আসেন। আর ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, রওনা হয়েছি। তাই তাহসিফ ঠিক কীভাবে পানিতে পড়ে মারা গেলেন, তা নিয়ে এখনো ধোঁয়াশায় তদন্তকারীরা। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, তাহসিফের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সব কিছু যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনাজনিত মৃত্যু। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে জানা যাবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুনিয়র বন্ধু দীপের ফোনেই বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ মাজার বস্তি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে তার লাশ উদ্ধার করে।