নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। একইদিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়।
তদন্ত কমিটির সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তার দপ্তরে তলব করেন। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ায় তার ফোনগুলো জব্দ করা হয়েছিল। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রশাসনিক কিছু বিষয়েই তাকে ডাকা হয়েছিল।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

