আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আইনি কোনো সুযোগ অবশিষ্ট নেই। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইন মেনেই ফিরতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, ১৯৭৩ সালের এই আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন এবং এর বিধান সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা খালাসের আদেশ কিংবা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময় পার হওয়ার পর আর আপিলের সুযোগ নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল তাদের আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় হত্যার ঘটনায় দায়ী সাব্যস্ত করে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের জন্য ৩০ দিনের নির্ধারিত সময়সীমা ছিল, কিন্তু শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায় নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। এ বিষয়ে এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, বিলম্ব মার্জনার বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবেন কি না, তা আদালতের সিদ্ধান্তের বিষয়। এছাড়া ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও নিশ্চিত করেছেন যে, ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে।

