শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও শহিদুল হকসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের মৃত্যুর বিষয়টি তদন্ত সংস্থায় শনাক্ত করা হয়েছে।

এই মামলার শুনানির জন্য বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই মামলায় ৯ জন আসামি কারাগারে আটক রয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।