ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেছেন যে, কথিত ওই শর্তগুলো নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কোনো পর্যায়েই কোনো ধরনের আলোচনা হয়নি। এমনকি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে এমন কোনো প্রস্তাবও দেয়া হয়নি বলে জানান তিনি।
সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে। এর মধ্যে একটি হলো তাকে ফিরিয়ে নেয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে, কারণ তিনি সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। দ্বিতীয় শর্তটি হলো, দেশে ফেরার পর তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন করে শুরু করতে হবে।
এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, এই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। তিনি আরও বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব এলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং তার জবাব দেবে। এর বাইরে বিভিন্ন জায়গায় কী প্রকাশিত হচ্ছে তা দেখার সময় সরকারের নেই, এটি সরকারের আলোচনার বিষয়ও নয়। বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে বক্তব্য উদ্ধৃত করা হয়েছিল, যা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনরায় নিশ্চিত করেন যে, কোনো লেভেলেই এ নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ উল্লেখ করেন যে, সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তির আওতায় ইতোমধ্যেই ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে এবং বিষয়টি আইন মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্যান্য আসামিদের মতো শেখ হাসিনাকেও ফিরিয়ে এনে সাজা ভোগ করানো সম্ভব হবে।
পাসপোর্ট ইস্যু নিয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। সাজাপ্রাপ্ত আসামি বা যার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়। একটি আইন প্রতিষ্ঠান এ বিষয়ে বাংলাদেশের মিশনের কাছে জানতে চেয়েছিল, যা বর্তমানে সরকার পর্যালোচনা করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, এই সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বড় এবং মুক্তিযুদ্ধের আগে থেকেই এর সূচনা। যেকোনো ইস্যু কূটনীতির মাধ্যমে সমাধান করা হবে বলেও তিনি জানান।

