সাভারের ট্যানারি শিল্প সচল করতে সহায়তা দেবে সরকার

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সরকার তাদের সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। নেদারল্যান্ডসের উন্নয়নশীল দেশ থেকে আমদানি উন্নয়ন কেন্দ্র এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই শিল্পের অগ্রগতিতে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। সরকার এখন এই খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তিনি স্পষ্ট করে জানান, পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম বড় বাজার হিসেবে কাজ করছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হবে। এছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।