রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা বাড়িটিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং তাদের ছোট ছেলে ও জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এই চারজনকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির নিচতলায় কেউ থাকতেন না। তল্লাশির সময় প্রীতিলতা ও মেয়ে আগামী’র মরদেহ ছাদের এক প্রান্তে এবং গণপতি চক্রবর্তীর মরদেহ ছাদের অন্য প্রান্তে পাওয়া যায়। এছাড়া বাড়ির খাটের নিচ থেকে ছোট ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
এই নৃশংস ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনার রাতে কয়েকজন যুবককে ওই বাড়ি থেকে বের হতে দেখা গেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।
