ফ্রান্সের পৌর কাউন্সিলর হলেন বাংলাদেশি রাব্বানী খান

বাংলাদেশি বংশোদ্ভূত রাব্বানী খান ফ্রান্সের স্থানীয় নির্বাচনে জয়ী হয়ে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি সেন-সাঁ-দেনি বিভাগের স্টেইনস পৌরসভার মেয়র আজ্জেদিন তাইবির নেতৃত্বাধীন রাজনৈতিক প্যানেল থেকে তিনি নির্বাচিত হন। গাজীপুরের কাপাসিয়ার সন্তান রাব্বানী দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন এবং বর্তমানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত রয়েছেন।

কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। বিশেষ করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অভিবাসীদের নাগরিকত্ব, বসবাসের অনুমতি, প্রশাসনিক প্রক্রিয়া এবং আইনি জটিলতা নিরসনে তিনি নিয়মিত সহযোগিতা দিয়ে থাকেন।

ফ্রান্সে নতুন আসা অভিবাসীদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো ভাষা। এই বিষয়টি মাথায় রেখে রাব্বানী বিনামূল্যে ফরাসি ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে অনেক প্রবাসী যোগাযোগের দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করে কাজ করছেন।

কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও রাব্বানীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ফ্রান্সে কোনো বাংলাদেশি মারা গেলে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসনে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়া নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের যোগসূত্র বজায় রাখার নানা উদ্যোগে তিনি যুক্ত রয়েছেন। প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রমেও তিনি ব্যক্তিগতভাবে সহায়তা দিয়ে থাকেন। স্থানীয় ফরাসি নাগরিকদের ভোটে তার এই জয়কে প্রবাসী বাংলাদেশিরা কমিউনিটির জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন।