শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রাজশাহী সফর। ওইদিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদরাসা মাঠের মঞ্চ নির্মাণ, মাঠের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতি জোরেশোরে চলছে। গত শুক্রবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাঠ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।

মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন এটি নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও ভালোলাগার বিষয়। তাকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে প্রথমে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। এরপর সামরিক বাহিনীর একটি বিমানে দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেলে মাদরাসা মাঠের জনসভায় অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। একদিনে দেশের তিন বিভাগ সফরের মাধ্যমে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন।