আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের আগামী দিনের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তবেই আমরা ভবিষ্যতে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, সুইমার, টেনিস খেলোয়াড় এবং সর্বোপরি দেশের যোগ্য মানুষ তৈরি হবে। তিনি কিশোর-কিশোরীদের উদ্দেশে বলেন, নিজেকে কখনো ছোট ভাববে না, বরং নিজেকে শক্তভাবে গড়ে তুলতে হবে।

মিডিয়া এবং সম্পাদকদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্পোর্টস ইভেন্টটি কেবল একটি খেলা নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি স্বীকার করেন যে দেশে বিভিন্ন সমস্যা রয়েছে এবং সরকার স্কুলগুলোর মানোন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী গ্যালারিতে উপস্থিত কিশোর-কিশোরীদের প্রশ্ন করেন, কারা বাংলাদেশকে গড়ে তুলতে চায়? পুরো গ্যালারির হাজার হাজার শিক্ষার্থী হাত তুলে সম্মতি জানালে তিনি তাদের ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের সকলের। রাস্তা বা বাসার আশেপাশে ময়লা বা স্টিকের বোতল ফেলে না দিয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য তিনি শিশুদের সহযোগিতা চান। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, গান বা ছবি আঁকার মতো সৃজনশীল কাজে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে বালকদের বিভাগে সিলেট অঞ্চল ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বিভাগে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলে হারিয়ে রংপুর অঞ্চল শিরোপা জয় করে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। আঞ্চলিক পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।