মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: ফেসবুকে স্বীকারোক্তি দিয়ে আটক ১

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজিব চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি শরীয়তপুরের তুলসারে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে রাজিব চন্দ্র দাস ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের সূত্র ধরেই তাকে শনাক্ত ও আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে থাকা পুলিশের একটি পিকাপ ভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় একটি পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটেছিল।