রংপুরের মাছুয়াপাড়ার দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা পদে পদে প্রশ্নবিদ্ধ হয়েছে। গত ২১শে আগস্ট ভোরে মাছুয়াপাড়ার নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২) শ্বাসরোধে খুন হন। ঘটনার পর ২২শে আগস্ট রাতে ফায়ার সার্ভিস ও পুলিশ দরজা ভেঙে তাদের পচন ধরা মরদেহ উদ্ধার করে। গণপতির মরদেহ ছাদে, স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়িতে এবং ছোট ছেলে প্রিয়মের মরদেহ শোয়ার ঘরের খাটের নিচে পাওয়া যায়।
তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঘটনার শুরু থেকেই পুলিশের বিভিন্ন পদক্ষেপ ও পরস্পরবিরোধী বক্তব্য রহস্যের জন্ম দিয়েছে। পুলিশ প্রথম সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডটি গভীর বা শেষ রাতে হয়েছে বলে দাবি করলেও, গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) জবানবন্দিতে ভোরবেলা হত্যার কথা জানিয়েছে। ২৩শে আগস্ট রাতে পুলিশ বিশেষ অভিযানে মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে। ওইদিন আনুমানিক সকাল ১০টায় তৎকালীন পুলিশ কমিশনার ডিআইজি আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করেন। সেখানে ঘটনার পর্যায়ক্রম ও ব্যাখ্যাসহ এর সঙ্গে মুগ্ধ ও সিদ্ধার্থের সম্পৃক্ততার কথা জানান। তবে পুলিশের এই তড়িঘড়ি সংবাদ সম্মেলন এবং দাবিগুলোর অসংগতি নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে সন্দেহের সৃষ্টি হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মুগ্ধ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দিতে জানান, মুগ্ধ তাকে হত্যার কথা স্বীকার করেছিল। পুলিশের দাবি অনুযায়ী, ২০শে আগস্ট রাতে আসামিরা পাশের ভবনের ছাদ টপকে গণপতি চক্রবর্তীর ছাদে যায়। সেখানে বসে ইয়াবা সেবন করছিল। গণপতি তাতে বাধা দিলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ফরেনসিক রিপোর্টে চিকিৎসক ধর্ষণের কোনো আলামত মেলেনি বলে জানালেও, ডোম ৭১ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ‘মরদেহে বীর্য দেখা গেছে’ বলে দাবি করলে নতুন বিতর্ক তৈরি হয়। এছাড়া গত ২৬শে আগস্ট রাতে পুলিশ পাহারায় থাকা বাড়ির লাইট বন্ধ করে ছাদের পানির মোটর ছেড়ে ছাদ ও সিঁড়ি ধুয়ে আলামত নষ্ট করার অভিযোগ তুলেছেন সিদ্ধার্থের ভাই পার্থ দাস। তদন্তে উঠে এসেছে যে, সাধারণ মাদকাসক্ত দুই তরুণের পক্ষে চারজনকে ঠাণ্ডা মাথায় খুন করা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক প্রমাণের ঘাটতি থাকায় কেবল জবানবন্দির ওপর ভিত্তি করে তদন্ত শেষ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে পুলিশের স্ববিরোধী অবস্থান ও অপ্রয়োজনীয় তথ্য প্রকাশ তদন্তের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

