পুলিশ বাহিনীতে অস্থিরতা: সন্দেহভাজন কর্মকর্তাদের ওপর বিশেষ নজরদারি

পুলিশের অভ্যন্তরেই এখন এক গভীর সন্দেহ ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। খোদ বাহিনীটির কিছু সদস্যের বিরুদ্ধে নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ ওঠায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, এসব কর্মকর্তা সরকারের অনুগত সেজে ভেতরে ভেতরে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা ও পলাতক নেতাদের কাছ থেকে তথ্য আদান-প্রদান এবং অর্থায়নের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে উস্কানি ও আওয়ামী লীগ কানেকশনের বিষয়টি সামনে আসায় সরকার বিব্রত। এই অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী এবং বর্তমানে বিএনপি সরকারের অনুগত সেজে ভালো পোস্টিং নেয়া কর্মকর্তাদের কর্মকাণ্ড এখন পুলিশের ভেতরেই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না, ফলে সন্দেহভাজন কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।

বিশেষ নজরদারির আওতায় রয়েছেন আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া কনস্টেবল থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তারা। গত ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য—যার মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই রয়েছেন—তাদের গতিবিধি পর্যালোচনা করা হচ্ছে। কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে চলছে অভ্যন্তরীণ তদন্ত। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে শেখ হাসিনার দেশে ফেরা বিষয়ক অডিও ফাঁস হওয়ার পর প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, পলাতক নেতাদের কাছ থেকে তহবিল নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও জ্বালাও-পোড়াওয়ের মতো ঘটনায় ইন্ধন জোগাচ্ছেন অনেক কর্মকর্তা। তাদের মোবাইল ফোন ফরেনসিক করে সরকারবিরোধী কানেকশন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এছাড়া, তাদের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং নিয়োগের সময়কার সুপারিশের তথ্যগুলোও যাচাই করা হচ্ছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশে মধ্যম সারির নেতাকর্মীদের নাশকতায় সহায়তা করছেন এসব পুলিশ কর্মকর্তা, যাদের নেতৃত্ব দিচ্ছেন ওই আমলের দাপুটে সিনিয়র কর্মকর্তারা। বর্তমানে পালিয়ে থাকা ওই সিনিয়র কর্মকর্তাদের একটি তালিকাও তৈরি করা হয়েছে।