সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোন কখনোই নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, গত ৫০ বছরে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এবং এসব প্রতিষ্ঠান দেশের সম্পদ। সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর করছে, তবে প্রকৃত শ্রমিকরা এর সঙ্গে জড়িত নন বলে তিনি বিশ্বাস করেন। সাবেক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৫-১৬ বছরে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার শ্রমিকদের দাবির বিষয়ে অবগত এবং তা পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে এই পথসভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশ তোমাদের। তোমাদেরই দেশটিকে গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর। বিশ্বদরবারে বাংলাদেশকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাদের নিতে হবে। তিনি বলেন, কেউ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। কিন্তু শুধু লেখাপড়া করলেই চলবে না। প্রত্যেককে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে। বিকেএসপির শিক্ষার্থীদের উদাহরণ টেনে তিনি বলেন, একই সঙ্গে একাধিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ইউ ক্যান ডু ইট। তোমরা পারো।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার অভাব নেই। তাদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। তিনি শিশুদের বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে পছন্দমতো একটি তৃতীয় ভাষা শেখার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিশ্বের কোনো জাতিই বাংলাদেশের নতুন প্রজন্মকে পিছিয়ে রাখতে পারবে না। এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে দেশকে উদাহরণ হিসেবে তুলে ধরতে অন্য কোনো দেশের নাম নিতে হবে না। বরং বাংলাদেশই হবে সমৃদ্ধ ও শক্তিশালী দেশের উদাহরণ।

খুলনা সফরের সময় প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সাথে হাত মেলান, যা সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার কুদির বটতলায় প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস থামিয়ে তিনি সাধারণ মানুষের সাথে হাত মেলান। মহানগরীর ডাকবাংলা মোড়ে আয়োজিত পৃথক পথসভায় তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে বন্ধ হওয়া সব মিলকারখানা চালু করা হবে। খুলনার হারানো ঐতিহ্য আবার ফিরে আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় পথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি সহ মহানগর নেতৃবৃন্দ। বিকেল ৩টা ৪২ মিনিটে বাসটি জেলা স্টেডিয়ামের সামনে পৌঁছলে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে না গিয়ে সরাসরি স্টেডিয়ামে যান। এর আগে সকালে তিনি মোংলা ও বাগেরহাটে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।