প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তেজগাঁও বিমান বন্দর থেকে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে যাত্রা করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। সফরের অংশ হিসেবে তিনি মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম পরিদর্শন করবেন।
মহেশখালীর কর্মসূচির পর প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণে অংশ নিতে বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। বেলা সাড়ে ১২টায় তিনি মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিকালে প্রধানমন্ত্রী হাটহাজারীতে তার কার্যক্রম পরিচালনা করবেন। বিকেল সোয়া ৩টায় তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের শেষভাগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, মহেশখালী থেকে ফটিকছড়ি পর্যন্ত হেলিকপ্টারে এবং সেখান থেকে সড়ক পথে চট্টগ্রামে যাতায়াত করবেন তিনি। সমস্ত কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

