জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি, যা বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, সম্প্রতি মারাত্মক দুটি নিরাপত্তা ত্রুটির কবলে পড়েছে। ক্যালিফ এবং উইজ নামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পিএইচপির কোডিং কাঠামোর গভীরে থাকা দীর্ঘদিনের এই দুর্বলতাগুলো শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, পিএইচপি ৫.৪ থেকে শুরু করে পরবর্তী সংস্করণগুলোতে এক দশকেরও বেশি সময় ধরে এই ত্রুটিগুলো লুকিয়ে ছিল।
এই নিরাপত্তা ত্রুটির ফলে হ্যাকাররা কোনো ধরনের পাসওয়ার্ড বা বৈধ অ্যাকাউন্টের অ্যাকসেস ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে দূরবর্তী অবস্থান থেকে সার্ভারে ক্ষতিকর কোড বা কমান্ড চালাতে সক্ষম হচ্ছেন। এর মাধ্যমে হ্যাকাররা ওয়েবসাইটের তথ্যভান্ডার বা সার্ভারের মেমোরি থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি, তথ্য পরিবর্তন বা পুরো ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারছেন। ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠান উইজের মতে, পিএইচপির ভেতরে থাকা এই সমস্যার কারণে যেকোনো সংস্করণে চলা সাধারণ ওয়েবসাইটও ঝুঁকিতে রয়েছে।
পিএইচপি কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ত্রুটিগুলো সমাধানের জন্য নতুন সংস্করণ প্রকাশ করেছে। তবে হ্যাকাররা দ্রুত এই সুযোগ কাজে লাগাচ্ছেন। আমাজনের নিরাপত্তাপ্রধান সিজে মোসেস জানিয়েছেন, ত্রুটির খবর প্রকাশ্যে আসার চার দিন আগেই তারা সাইবার হামলার চেষ্টা শনাক্ত করেছিলেন। 'পিএইচপি২শেল' নামে অভিহিত এই ত্রুটিগুলোকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তীব্রতা মূল্যায়নে ১০-এর মধ্যে ৯.২ স্কোর দেওয়া হয়েছে।
এই সাইবার ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করেছে। অনেক ক্ষেত্রে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এআই ও সাইবার নিরাপত্তাবিষয়ক লেকচারার অ্যান্ড্রিউ কুলেন জানান, বিশ্বের অসংখ্য যন্ত্র মৌলিক এই সফটওয়্যারের ওপর নির্ভরশীল হওয়ায় এই বাগটির প্রভাব সুদূরপ্রসারী।
বাংলাদেশের প্রেক্ষাপটেও এই হুমকি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি উদ্যোক্তা সুমিত সাহার মতে, বাংলাদেশে অনেক ওয়েবসাইট পিএইচপি দিয়ে তৈরি হলেও সময়মতো প্যাচ বা কোড হালনাগাদ না করার কারণে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে সংশ্লিষ্ট সফটওয়্যার ও কোড হালনাগাদ করার পরামর্শ দিয়েছে পিএইচপি ফাউন্ডেশন ও মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা। ২১ অক্টোবর প্রকাশিত পিএইচপি ৮.২.৩৫, ৮.৩.৩৬, ৮.৪.২৭ ও ৮.৫.১২ সংস্করণগুলোতে এই ত্রুটিগুলোর সমাধান যুক্ত করা হয়েছে। নিয়মিত নিরাপত্তা আপডেট, সার্ভারের সঠিক কনফিগারেশন এবং অ্যাকসেস নিয়ন্ত্রণের মাধ্যমে এ ধরনের হামলা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
