কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতা ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে চ্যানেলটি 'হলুদ সাংবাদিকতা' করেছে—এমন অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
যদিও ইসলামাবাদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আল-জাজিরা নিষিদ্ধের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে পাকিস্তানজুড়ে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে, তারা আল-জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।
দেশটির বিরোধীদলীয় নেতা, অধিকারকর্মী এবং সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিযোগ তুলেছেন যে, মুজাফফরাবাদ থেকে আল-জাজিরার সংবাদ প্রচারের প্রতিক্রিয়া হিসেবেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই প্রতিবেদনগুলোতে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা এবং ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ঘটনাগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছিল।

