বাব আল-মান্দেব ঘিরে যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব তেলের বাজার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে ইতিমধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে জাহাজ চলাচল কমে যাওয়ার পর হুতিদের এই নতুন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও হুতিরা এখনো তাদের অবরোধ কার্যকর করতে পারেনি, তবে তাদের হুমকির কারণে অনেক জাহাজ লোহিত সাগর দিয়ে যাতায়াত এড়িয়ে দক্ষিণমুখী যাত্রা বাতিল করেছে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি কার্যকরভাবে অবরুদ্ধ হলে তা ইরানকে ঘিরে একটি নতুন যুদ্ধফ্রন্টের জন্ম দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রকে সামরিক হস্তক্ষেপের চাপের মুখে পড়তে হবে, যা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা সক্ষমতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। এদিকে, চলতি মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২২ জুলাই) দাম সাময়িকভাবে ৯৫ ডলার ছাড়িয়ে যায়, যা জুনের শুরু থেকে সর্বোচ্চ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি হরমুজ প্রণালির চেয়ে প্রায় ৪০ শতাংশ সংকীর্ণ, যার সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ১৪ মাইল। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত এক মাসে প্রতিদিন গড়ে প্রায় ৬২ লাখ ব্যারেল তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে। সৌদি আরব যুদ্ধের কারণে তাদের বিশাল ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাচ্ছে। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট জানান, সৌদি প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল এই বিকল্প পথে সরিয়ে নিচ্ছে, যা অচল হয়ে পড়লে বৈশ্বিক তেল সরবরাহে ভয়াবহ সংকট দেখা দেবে।

পিকারিং এনার্জি পার্টনারসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিংয়ের পূর্বাভাস অনুযায়ী, বাব আল-মান্দেব পুরোপুরি অবরুদ্ধ হলে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ৫ থেকে ১০ ডলার বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যারা নিজেরা তেল উৎপাদনে পিছিয়ে আছে, তারা এই সরবরাহ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া লোহিত সাগরের ঝুঁকি ইউরোপের ডিজেল সরবরাহেও নেতিবাচক প্রভাব ফেলছে। কেপলারের হোমায়ুন ফালাকশাহি জানান, সৌদি শোধনাগারগুলো থেকে প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার ব্যারেল ডিজেল বাব আল-মান্দেব হয়ে ইউরোপে যায়, যা এখন অনিশ্চয়তার মুখে।

গত মঙ্গলবার হুতিরা সৌদি জাহাজগুলোকে লোহিত সাগর এড়িয়ে চলার বেতার বার্তা দেয়। উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্সের তথ্যানুযায়ী, ঘোষণার পর অন্তত পাঁচটি তেলবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। এছাড়া মঙ্গলবার ইয়ানবু বন্দর থেকে চীনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি তেলবাহী ট্যাংকারও ইয়েমেন উপকূলের কাছে পৌঁছে হুতিদের হুমকির মুখে ফিরে যায় বলে সিএনএনকে জানিয়েছেন ফর্চুন ৫০০ কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপক।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে জানিয়েছেন, হুতিরা বড় ধরনের পদক্ষেপ নিলে মার্কিন সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে। তিনি বলেন, আমরা এসব পরিস্থিতি সামলে নিতে জানি এবং আগেও হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সচল রাখার চেষ্টায় ব্যস্ত। জুনের মাঝামাঝি ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার পর সেখানে প্রতিদিন ৫০ থেকে ৭০টি জাহাজ চললেও, বর্তমানে তা হাতে গোনা কয়েকটি জাহাজে নেমে এসেছে। বিশ্লেষকদের শঙ্কা, যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব- এই দুই সামুদ্রিক সংকট মোকাবিলা করতে হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়বে।