যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্রেট প্রার্থী অ্যামি অ্যাক্টন। এই বিজয়ের ফলে দীর্ঘ ২০ বছর পর অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্রেট নেতা গভর্নর হিসেবে নির্বাচিত হলেন। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে গভর্নর পদে নির্বাচিত প্রথম নারী হিসেবে নাম লেখালেন অ্যাক্টন।
নির্বাচনী প্রচারণার সময় বিবেক রামাস্বামী এবং তার সমর্থকরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এমনকি ধনকুবের ইলন মাস্কও রিপাবলিকান প্রার্থীর সমর্থনে গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অন্তত ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। অন্যদিকে, অ্যামি অ্যাক্টনকে প্রচারণার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে নির্বাচনী প্রচারণায় তিনি মূলত জীবনযাত্রার ব্যয় কমানো এবং স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নিজের কঠিন শৈশবের অভিজ্ঞতা, বিশেষ করে গৃহহীন থাকা এবং এক শীতকালে তাঁবুতে বসবাসের বিষয়টি তিনি শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারদের সামনে তুলে ধরেন।
নির্বাচনী প্রচারণায় রামাস্বামীর পক্ষ থেকে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল, যেখানে অ্যাক্টনের মা তার সমালোচনা করেন। উল্লেখ্য, কয়েক দশক আগে অ্যাক্টনের সৎবাবার বিরুদ্ধে শৈশবে তাকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর তার মা সন্তানদের অভিভাবকত্ব হারিয়েছিলেন। এই বিজ্ঞাপনটি ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের সমালোচনার মুখে পড়লেও ডনাল্ড ট্রাম্প এর প্রশংসা করেন। ওহাইওর বাসিন্দা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছিলেন।
ভোট গ্রহণের কয়েক ঘণ্টা আগে রামাস্বামী ভোটারদের কাছে সম্পত্তি কর ও বিদ্যুৎ বিল কমানো, সাশ্রয়ী আবাসন এবং নিরাপদ সড়কের প্রতিশ্রুতি দিয়ে তাকে জবাবদিহির আওতায় রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটাররা অ্যাক্টনের পক্ষেই রায় দিয়েছেন। বর্তমান গভর্নর মাইক ডিওয়াইন মেয়াদসীমার কারণে দায়িত্ব ছাড়ছেন এবং এর ফলে অ্যাক্টন কোনো পূর্ব নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন না করেই সরাসরি ওহাইওর নির্বাহী বিভাগের হাল ধরতে যাচ্ছেন। এই ফলাফল ওহাইওতে ডেমোক্রেটদের দীর্ঘদিনের নির্বাচনী দুর্বলতার অবসান ঘটিয়েছে, যেখানে ট্রাম্পের উত্থানের পর থেকে রিপাবলিকানদের আধিপত্য বজায় ছিল।

