দাপ্তরিক যোগাযোগ এবং বিভিন্ন নথিপত্রে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’-এর মতো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে গতকাল জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
সরকার এই সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে। একইসঙ্গে পরিপত্রে সংশ্লিষ্ট সবাইকে অনতিবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

