আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সারাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার দাওয়াত গ্রহণ ও শুভেচ্ছা বিনিময়ের সময় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মানুষ যেন নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। তবে দুঃখজনকভাবে পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে। আমরা এমন একটি দিন দেখতে চাই, যেদিন ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে আলাদা করে নিরাপত্তার কথা ভাবতে হবে না। বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে আমরা এমন একটি আশঙ্কামুক্ত পরিবেশ চাই যেখানে সবাই উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার পালন করবেন।
তিনি আরও জানান, সারাদেশে পূজা উদযাপনে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে এনসিপি তার পক্ষে কথা বলবে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরিতে তৎপর থাকে। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা আলাদা কেউ নন, তারা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

