জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের সঙ্গে পানির হিস্যার বিষয়ে বাংলাদেশ একচুলও ছাড় দেবে না। আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন চুক্তিতে দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করার দাবি জানান তিনি।
বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ বেঁচে থাকাকালীন বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যার কথা তুলে ধরেছিলেন। সেই অবস্থানকে ধারণ করে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, কেবল বোয়িং বিমান কেনা বা আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করলেই দায়িত্ব শেষ হয় না। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সরকার বাংলাদেশের স্বার্থ কতটুকু নিশ্চিত করতে পারছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গঙ্গা পানিবণ্টনসহ সব ধরনের আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।
এ সময় তিনি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, আবরার কেবল একজন ব্যক্তি নন, তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান নির্যাতন ও গেস্টরুম সংস্কৃতির ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছিল। সামান্য একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

