বাংলাদেশের ঋণমান পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল করলো মুডিস

বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণী সংস্থা মুডিস রেটিংস। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, বাহ্যিক অর্থনৈতিক চাপের হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঊর্ধ্বগতি এবং রেকর্ড পরিমাণ প্রবাসী আয় প্রবাহের কারণেই এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে মুডিস বাংলাদেশের দীর্ঘমেয়াদি ‘ইস্যুয়ার’ ও ‘সিনিয়র আনসিকিউরড’ রেটিং বি২-এ অপরিবর্তিত রেখেছে। একইসঙ্গে স্বল্পমেয়াদি ইস্যুয়ার রেটিং ‘নট প্রাইম’-ও আগের অবস্থানেই রাখা হয়েছে। সংস্থাটির মতে, অতীতে যেসব ঝুঁকির কারণে বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক করা হয়েছিল, বি২ রেটিংয়ের পর্যায়ে এসে সেই ঝুঁকিগুলো এখন অনেকটাই ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে।

রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাসের বিষয়টি উল্লেখ করে মুডিস জানিয়েছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তরণ এবং নতুন সরকারের প্রতি শক্তিশালী জনসমর্থন পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। এর ফলে রাজনৈতিক কারণে কাঠামোগত সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি আগের তুলনায় কমেছে। সংস্থাটি মনে করে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনৈতিক ও আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারগুলো আরও গতিশীল হবে।

বৈদেশিক খাতের সক্ষমতা নিয়ে সংস্থাটি জানায়, ২০২৪ সালের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ২১ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বেড়ে প্রায় ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমান রিজার্ভ দিয়ে চার মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেকর্ড রেমিট্যান্স প্রবাহ, নমনীয় বিনিময় হার এবং বৈদেশিক মুদ্রার বাজারের অসঙ্গতিগুলো কমে আসাকে এই রিজার্ভ বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে মুডিস।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তাদের মতে, এই সম্পৃক্ততা বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তবে প্রবৃদ্ধির বিষয়ে সতর্ক করে সংস্থাটি জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত আগের গতিতে ফিরবে না। ২০২৪-২৫ অর্থবছরের ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে তা ৪ দশমিক ১ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। এছাড়া মূল্যস্ফীতি ধীরে ধীরে কমার আগে দীর্ঘ সময় ৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে।এরপর বিনিয়োগ ও শিল্পকারখানার কার্যক্রম স্বাভাবিক হলে ২০২৭-২৮ অর্থবছর থেকে প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মুডিস।