নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় নাম উল্লেখ করা ছয়জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও উসকানিমূলক মিছিল বের করে। এ সময় রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস ও জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য এর প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

