আন্দোলনের নামে যারা বর্তমানে সহিংসতা করছে, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন আর চলছে না। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক বা মহাসড়ক অবরোধ করেনি। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মুখোশধারীরা সেখানে রাজনৈতিক স্লোগান ব্যবহার করছিল। এর আগে সকালে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। রোববার মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং খুব স্বল্পতম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিষয়গুলো দেখার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারিত হবে, তাই এখানে অসন্তোষের কোনো কারণ নেই। শিল্প মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, মালিকরা সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া যেসব মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রেখেছেন এবং যেসব শ্রমিক নেতা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন, তাদের তালিকা প্রদানের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকতে পারেন না বলে তিনি বিশ্বাস করেন।

