মেসির কলকাতা সফর: ৩৩ হাজার দর্শককে টাকা ফেরতের ঘোষণা শুভেন্দুর

কলকাতায় ফুটবল জাদুকর লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে সৃষ্ট চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার ঘটনায় ভুক্তভোগী দর্শকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবভারতী স্টেডিয়ামের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে টিকিট কেটেও যারা খেলা উপভোগ করতে পারেননি, এমন ৩৩ হাজার ফুটবলপ্রেমীকে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভারতের জাতীয় ক্রীড়া দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই বড় ঘোষণা দেন।

২০২৫ সালের ১৩ই ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’। তবে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের চরম অব্যবস্থাপনার কারণে এই আয়োজনটি বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয়। স্টেডিয়ামে প্রবেশের জন্য ৪,০০০ ও ৬,০০০ টাকা মূল্যের টিকিট কেটেও হাজার হাজার দর্শক চরম ভোগান্তির শিকার হন। এরপর থেকেই ভুক্তভোগী ক্রীড়াপ্রেমীরা টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, যা এতদিন ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল।

ভারতের হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দর্শকদের অর্থ ফেরতের বিষয়ে তাঁর দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মেসির বিশাল অনুরাগী সমাজ রয়েছে। তারা ৪,০০০ ও ৬,০০০ টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেয়া অর্থ ফিরিয়ে দেয়া আমার একান্ত ইচ্ছা। আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, এটি সফলভাবে সম্পন্ন করতে পারব।’

উল্লেখ্য, মেসির ওই সফরকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাঁর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। এছাড়া বিধাননগরের ডিসি অনীশ কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়। এই অব্যবস্থাপনার অভিযোগে কলকাতা পুলিশ ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। টানা ৩৮ দিন কারাগারে কাটানোর পর জামিনে মুক্ত হয়ে শতদ্রু তৎকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই বিপর্যয়ের জন্য আয়োজকেরা দায়ী ছিলেন না, বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন। শতদ্রু দত্ত পুরো অব্যবস্থাপনার দায় রাজনৈতিক ও প্রশাসনিক কর্তাদের ওপরই চাপিয়ে দেন।