দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোর মৌলিক পরিবর্তন না হলে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, একসময় তারা স্বৈরশাসকে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে মামুনুল হক বলেন, বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হতে হয়। যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। তিনি আরও যোগ করেন, যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন। তাই কেবল সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে হবে।
সমাবেশে মাওলানা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব রাজনৈতিক দল এ দাবি থেকে সরে গেলেও বাংলাদেশ খেলাফত মজলিস প্রয়োজনে একাই জনগণের কাছে গিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ পাবে বলেও তিনি সতর্ক করেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
সমাবেশে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের ও কোরআনের বাংলাদেশ। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানী।

