জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা ও শহর আওয়ামী লীগের অপর তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। এদিন দুপুর ১২টায় ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নজরুল ইসলাম প্রথমে সংক্ষিপ্ত রায় পাঠ করেন এবং পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামিদের দণ্ড ঘোষণা করেন।
মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। দণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আমির হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। পরবর্তী সময়ে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়। এর পূর্বে গত ১০ জুন প্রথম দফায় যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য রাখা হলেও রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২ বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। ওই বছরের ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে পরদিন ৬ অক্টোবর ট্রাইব্যুনাল তা আমলে নেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলাটিতে আসামিদের বিরুদ্ধে মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছিল প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়, তৎকালীন শেখ হাসিনা সরকারের ক্ষমতা নিরঙ্কুশ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকে সমর্থন করেন হানিফ। ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের শনাক্ত করে অবস্থান নির্ধারণ ও হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলন দমনের সিদ্ধান্তেও তার সায় ছিল। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হানিফের নেতৃত্বে সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাসহ অন্য নেতারা বৈঠক করে ছাত্র-জনতার আন্দোলনকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যা দেন এবং কুষ্টিয়া শহরে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ প্রদান করেন।
তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত। সেদিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে 'মার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে হাজারও ছাত্র-জনতা শহরের হাসপাতাল মোড়ে জড়ো হয়ে চৌড়হাস থেকে মজমপুরের দিকে এগোতে থাকলে হানিফের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলিতে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে বক চত্বরের ৫০ গজ উত্তরে শ্রমিক আশরাফুল ইসলাম, বার্মিজ গলিতে সুরুজ আলী বাবু, হরিপুরগামী সড়কে আড়ংয়ের সামনে শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, তুলাপট্টির গলিতে ব্যবসায়ী বাবলু ফরাজী এবং ফায়ার সার্ভিস ভবনের বিপরীত দিকের সড়কে চাকরিজীবী ইউসুফ শেখ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, উসকানি ও হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে সংঘটিত এসব মানবতাবিরোধী অপরাধে চার আসামির প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

