স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম নিষিদ্ধ করার যে প্রস্তাব উঠেছিল, তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রকৃতির। ফলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইনি এখতিয়ার বা সুযোগ কমিশনের নেই। যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে যে কেউ প্রার্থী হতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

তবে জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও কিছু কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ইসি। এর অংশ হিসেবে দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার কমিশন সভায় সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে। এই সংশোধনীর মাধ্যমে ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক, ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব রাখা হয়েছে।

পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এক সদস্যের আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও সংশোধনীতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য বর্তমানের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধান বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদানকারীদের মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।