একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে ২০১৬ সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৈরি করা খসড়া বিবৃতিতে স্বাক্ষর করা হলে দলটির অনেক সংকটের সমাধান হতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, পরবর্তী সময়ে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত পরোক্ষভাবে সেই অবস্থান মেনে নিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে জাতির উদ্দেশে একটি বিবৃতি দেওয়ার কথা বলেছিলেন আব্দুর রাজ্জাক। ২০১৬ সালে সেই খসড়া বিবৃতিতে সই করা হলে জামায়াতের অনেক প্রশ্নেরই মীমাংসা হয়ে যেত। বর্তমানে জামায়াত যে অবস্থানে রয়েছে, তা মূলত ওই বিবৃতির আলোকেই তৈরি হয়েছে এবং তারা পরোক্ষভাবে বিষয়টি মেনে নিয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধনীর বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীসহ তৎকালীন রাজাকার, আল-বদর, মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তাদেরই মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংশোধনী আলোচনার সময় জামায়াতের নাম বাদ দেওয়ার দাবি উঠলেও ঐতিহাসিক সত্যকে অস্বীকার না করে সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামী’, ‘তৎকালীন মুসলিম লীগ’ ও ‘তৎকালীন নেজামে ইসলাম’ শব্দগুলো বহাল রাখা হয়।
আসাদুজ্জামান আরও বলেন, সংসদে এই সংশোধনী বিল পাসের সময় জামায়াতে ইসলামী এর বিপক্ষে কোনো ‘না’ ভোট দেয়নি। সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে ‘না’ ভোট না দেওয়ার মাধ্যমে তারা মূলত একাত্তরের সেই বিতর্কিত ভূমিকা পরোক্ষভাবে স্বীকার বা কনসিড করে নিয়েছে। এখানেই ব্যারিস্টার রাজ্জাকের দূরদর্শিতার প্রমাণ মেলে, যিনি ২০১৬ সালেই এই রাজনৈতিক দর্শন ও নীতি মেনে খসড়া স্টেটমেন্ট তৈরি করেছিলেন।
প্রয়াত আব্দুর রাজ্জাকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, আদর্শগতভাবে তারা ভিন্ন মেরুর ছিলেন। তবে আইন পেশায় রাজ্জাকের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করার সময় আদালতে তারা প্রায়ই পাশাপাশি বসতেন। বিশেষ করে দেশে যখন ফ্যাসিবাদের উদয় ঘটছিল, তখন রাজ্জাকের দেওয়া দিকনির্দেশনা তার জন্য আলোর দিশারির মতো কাজ করেছে।
মন্ত্রী বলেন, আব্দুর রাজ্জাক নিজে স্বপ্ন দেখতেন এবং অন্যদেরও স্বপ্ন দেখাতেন। এই বইটি পড়ার পর মনে হয়েছে, প্রতিক্রিয়াশীলতার বৃত্ত ভেঙে জামায়াতকে একটি প্রগতিশীল ইসলামি দল হিসেবে গড়ে তোলার যে চেষ্টা রাজ্জাক করেছিলেন, এটি তারই বহিঃপ্রকাশ। ওপর থেকে ইসলামি শাসন চাপিয়ে দেওয়াকে রাজ্জাক ভুল নীতি মনে করতেন। তার বিশ্বাস ছিল, সমাজ থেকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র গঠন ও পরিচালনা করাই প্রকৃত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সঠিক পথ।
এই বইটিকে কেবল সাহিত্য বা গবেষণা নয়, বরং একজন জীবন্ত মানুষের এনসাইক্লোপিডিয়া হিসেবে বর্ণনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, রাজ্জাক তার জীবনদর্শন ও সমাজকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, বইটিতে তারই বাস্তব প্রতিফলন ঘটেছে। অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিতি প্রত্যাশা করেছিলেন জানিয়ে তিনি বলেন, তারা এসে দ্বিমত পোষণ করলে সেটিই হতো প্রকৃত গণতন্ত্র।
পরিশেষে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করলেও আব্দুর রাজ্জাক নিজের যোগ্যতায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন এবং আজও তিনি প্রাসঙ্গিক। মৃত্যুর আগে রাজ্জাকের সঙ্গে শেষ ফোনালাপের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান বলেন, তিনি দোয়া চেয়েছিলেন এবং দেশের মাটিতে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জুলাইয়ের গণআন্দোলনের মাধ্যমে তার সেই শেষ ইচ্ছাটি পূরণ হয়েছে।

