দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই এবং তা শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ১০ নভেম্বর মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, রাতের আঁধারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরির ঘটনা ঘটলেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রচার করার কোনো সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ও দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। তিনি অভিযোগ করেন যে, আগের বছরগুলোর সাথে নিরপেক্ষ তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেফতারের উদাহরণ টেনে মন্ত্রী হুঁশিয়ারি দেন, ককটেল নিক্ষেপ বা যেকোনো ধরনের নাশকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে এবং সীমান্তের ওপার থেকে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সেই নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সমস্ত তথ্যপ্রমাণ সরকারের হাতে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে বলে জানান তিনি। কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

