পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল টিফিনের সময় ওই ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে লিখিত অভিযোগ দেওয়ার পর এতদিন পার হলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের টিফিনের বিরতি চলাকালে অন্য শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিত ছিলেন। এই সুযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল শ্রেণিকক্ষে একা থাকা ওই ছাত্রীকে ডেকে লাইব্রেরিতে নিয়ে যান। সে সময় বাকি শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল। শিশুটির ভাষ্য অনুযায়ী, লাইব্রেরির ভেতর নিয়ে ওই শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন। শিশুটি কান্নাকাটি করে নিজেকে রক্ষা করার আকুতি জানালেও তিনি ছাড়েননি। পরবর্তীতে বাইরে কারো পায়ের আওয়াজ পেয়ে শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি বিস্তারিত জানায়। পরিবার সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর থেকেই শিশুটি চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বর্তমানে স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। ঘটনার দিনই স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু শিশুটির মানসিক অবস্থার অবনতি হওয়ায় সেদিনই আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া সম্ভব হয়নি। এরপর শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় রোববার (৮ নভেম্বর) শিশুটির মা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল জানান, অভিযোগটি হাতে পাওয়ার পরেই বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল বর্তমানে তিন দিনের শান্তিকালীন ছুটিতে রয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল, যেখান থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। একই সঙ্গে তার মেয়ে অসুস্থ বলে ব্যস্ততার অজুহাতে পরে কথা বলবেন জানিয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, তৎকালীন প্রধান শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কুপ্রস্তাব দেওয়া এবং হুমকির পুরনো অভিযোগও রয়েছে। তৎকালীন প্রধান শিক্ষক পদ্মা রানী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন যৌথভাবে এসব বিষয়ে পূর্বে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষকের এক আত্মীয় তৎকালীন সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থাকায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি; বরং উল্টো অভিযোগকারী প্রধান শিক্ষককে ড্যাপুরেশনে অন্য স্কুলে বদলি করা হয়েছিল। তবে এসব বিষয় নিয়ে অভিযুক্ত শিক্ষকের দাবি, অতীতের সব অভিযোগ থেকে তিনি ইতোমধ্যেই অব্যাহতি পেয়েছেন।
এ প্রসঙ্গে গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, তা না হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ আরও বাড়বে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, একজন কর্মরত সরকারি সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এখনও থানায় জানানো হয়নি, তবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত চালিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, অভিযোগ জমা দেওয়ার পাঁচ দিন পার হলেও দৃশ্যমান তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্ত না আসায় দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

