রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে প্রাক্তন জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ও প্রাক্তন স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) এবং তার মা ফিরোজা বেগম (৩৫)।
নিহত ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকাল ৯টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকার ভাড়া বাসায় হঠাৎ করেই তাদের প্রাক্তন জামাই শিপন উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিপন তার প্রাক্তন স্ত্রী ফারজানা আক্তার রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে ফারজানা আক্তার রাত্রির মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
ফারুক হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বাদগাঁওয়ে। তারা বর্তমানে কলাবাগানের কাঁঠালবাগান আল-আমিন মসজিদ রোড এলাকার ৫২/২ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। শিপনের সঙ্গে কিছুদিন আগেই তার মেয়ের বিবাহবিচ্ছেদ হয়েছিল, যার ফলে শিপন ক্ষিপ্ত ছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক চলাকালে শাশুড়ি ফিরোজা মেয়ের পক্ষ নিলে ক্ষিপ্ত হয়ে শিপন এই হামলা চালায়। ঘটনার পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া, ঘটনার সময় উপস্থিত থাকা তাদের এক বছরের শিশু সন্তানটিকে বর্তমানে থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

