নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবি উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অভিনন্দন বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান তার অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে মির্জা ফখরুল তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপাচার্য আরও বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থার একটি স্পষ্ট প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, মির্জা ফখরুল তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন এবং দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

বার্তার শেষে উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং এই মহান দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।