বাড়ি ও দোকান ভাড়ায় সিকিউরিটি মানি ও অ্যাডভান্স নিয়ে ইসলামের বিধান

বর্তমান সময়ে বাড়ি বা দোকান ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি এবং অ্যাডভান্স বা অগ্রিম লেনদেনের প্রচলন ব্যাপক। সাধারণত ভাড়াটিয়া চলে যাওয়ার সময় কোনো ক্ষতি করে গেলে তা পুষিয়ে নেওয়ার জন্য মালিকপক্ষ এ ধরনের অতিরিক্ত টাকা গ্রহণ করে থাকে। তবে ইসলামি শরিয়তের সঠিক নিয়ম না জানা থাকায় এসব লেনদেনে প্রায়ই নানাবিধ ভুল হয়ে যায়।

শরিয়তের দৃষ্টিতে সিকিউরিটি মানি ও অ্যাডভান্সের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। জামানত হিসেবে ভাড়াটিয়া থেকে যে টাকা নেওয়া হয় এবং ভাড়ার চুক্তি শেষে যা আবার ফেরত দিতে হয়, তাকে সিকিউরিটি মানি বলে। এই টাকা ভাড়াদাতার কাছে থাকলেও এর মালিকানা থাকে ভাড়াটিয়ার কাছেই। তাই সিকিউরিটি মানির জাকাত ভাড়াটিয়াকেই প্রদান করতে হবে। অন্যদিকে, এককালীন টাকা নিয়ে তা যদি প্রতি মাসে ভাড়া হিসেবে কেটে নেওয়া হয়, তবে তাকে অ্যাডভান্স বা অগ্রিম ভাড়া বলা হয়। এই অ্যাডভান্সের টাকার মালিকানা ভাড়াটিয়া থেকে ভাড়াদাতার কাছে চলে যায়। তাই এই টাকার জাকাত ভাড়াদাতার ওপর আবশ্যক হবে (জাদিদ ফিকহি মাসায়েল : ১/১৪৭-১৪৮, মালে হারাম আওর উসকে মাসারেফ ওয়া আহকাম : ৮৫)।

যদি কোনো টাকা শুধু জামানত বা ঋণ হিসেবে বাড়ি কিংবা দোকানের মালিকের কাছে গচ্ছিত রাখা হয়, তবে এর মূল মালিক যেহেতু ভাড়াটিয়াই থাকেন, তাই ওই টাকার জাকাতও ভাড়াটিয়াকেই দিতে হবে। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য বা ব্যাংকে গ্যারান্টি হিসেবে যে সিকিউরিটি মানি দেওয়া হয়, তার মালিকানা যথাক্রমে চাকরিজীবী বা অ্যাকাউন্ট হোল্ডারের কাছেই থাকে। নির্দিষ্ট মেয়াদ শেষে তা ফেরত পাওয়া যায় বিধায় এই টাকাও জাকাতযোগ্য এবং এর জাকাত প্রদানকারীকেই আদায় করতে হবে।

আমাদের সমাজে সিকিউরিটি মানির পরিমাণ বেশি হলে ভাড়া কমিয়ে দেওয়ার একটি প্রচলন রয়েছে, যা ইসলামে বৈধ নয়। যেহেতু সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে গচ্ছিত থাকে, তাই এই টাকার কারণে ভাড়ার পরিমাণ কমিয়ে দিলে তা ঋণ দিয়ে অতিরিক্ত সুবিধা গ্রহণের অন্তর্ভুক্ত হয়, যা মূলত সুদ ও হারাম। এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, 'যে ব্যক্তি কোনো বস্তু ঋণ দেবে, সে যেন অতিরিক্ত কিছু গ্রহণের শর্ত না করে; যদিও তা একমুঠো ঘাস হোক না কেন।'

তবে সিকিউরিটি মানি না নিয়ে যদি অ্যাডভান্স বা অগ্রিম ভাড়া দেওয়ার কারণে ভাড়া কিছুটা কমানো হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কারণ অ্যাডভান্সের টাকা ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে না। যেমন— একটি ফ্ল্যাটের জন্য ৫০ হাজার টাকা সিকিউরিটি মানি দিলে ভাড়া যদি ৭ থেকে ৮ হাজার টাকা হয়, সেখানে সিকিউরিটি হিসেবে ২ লাখ টাকা অগ্রিম বা অ্যাডভান্স দিলে ভাড়া কমিয়ে ৩ থেকে ৪ হাজার টাকা করা জায়েজ। কারণ এটি ঋণের বিপরীতে ভাড়া কমানো নয়, বরং অগ্রিম ভাড়া প্রদানের সুবিধা।

সাধারণত জামানত হিসেবে যে সিকিউরিটি মানি ভাড়াদাতাকে দেওয়া হয়, তা ভাড়াদাতার কাছে বন্ধক হিসেবে থাকে। বন্ধকী বস্তু ব্যবহার করা নাজায়েজ ও সুদের অন্তর্ভুক্ত হওয়ায় এই সিকিউরিটির টাকা ব্যবহার করাও সুদের শামিল। মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে এসে বলল, 'আমার কাছে এক ব্যক্তি একটি ঘোড়া বন্ধক রেখেছে এবং আমি তাতে আরোহণ করেছি। এর কী হুকুম?' তখন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বললেন, 'তুমি এর পিঠ থেকে আরোহণ করে যে উপকৃত হয়েছ, তা সুদের অন্তর্ভুক্ত।' (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ১৫০৭১)।

এ ক্ষেত্রে একটি বিকল্প বৈধ পদ্ধতি রয়েছে। সিকিউরিটির টাকা যদি ভাড়াগ্রহীতা থেকে ঋণ হিসেবে নেওয়া হয়, তবে তা ব্যবহার করা যাবে। কিন্তু তখন এই টাকার কারণে কোনোভাবেই ভাড়া কমানো যাবে না। এছাড়া ঋণের চুক্তিটি ভাড়া নেওয়ার সময় করা যাবে না, বরং পরে করতে হবে। ভাড়ার সঙ্গে ঋণের কোনো সম্পর্ক বা শর্ত থাকতে পারবে না। কারণ একটি চুক্তির সঙ্গে আরেকটি চুক্তি শর্তযুক্ত করে কারবার করা শরিয়তে নিষিদ্ধ। এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও সহজ পদ্ধতি হলো, ভাড়াদাতা ভাড়াগ্রহীতা থেকে এককালীন যে টাকা নেবেন, তা সিকিউরিটি মানি হিসেবে না নিয়ে অগ্রিম ভাড়া বা অ্যাডভান্স হিসেবে নেবেন, যা চুক্তি অনুযায়ী প্রতি মাসে ভাড়া থেকে কাটা হবে। এতে দোকান বা বাড়ির মালিক একত্রে বেশি টাকাও নিতে পারে এবং তা শরিয়তের দৃষ্টিতে বৈধও হবে (মুসনাদে আহমদ : ৬৬২৮, শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসি : ৩/১৪৫, ১৯৬)। এতে বাড়ির মালিকের এককালীন বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যও পূরণ হবে এবং লেনদেনটি শরিয়তসম্মতও হবে।

সিকিউরিটি ও অ্যাডভান্সের ভাড়া : সিকিউরিটি মানির পরিমাণ বৃদ্ধি পেলে ভাড়া কমে যাওয়ার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে, তা জায়েজ নয়। কেননা, সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে। তাই এ টাকার কারণে ভাড়ার পরিমাণ কমিয়ে দিলে তা ঋণ দিয়ে ঋণগ্রহীতা থেকে অতিরিক্ত সুবিধা গ্রহণের অন্তর্ভুক্ত; যা সুদ ও হারাম। (আস সুনানুল কোবরা লিল বায়হাকি : ৫/৫৭৩, আল মাবসুত লিস সারাখসি : ১৪/৩৫)।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, 'যে ব্যক্তি কোনো বস্তু ঋণ দেবে, সে যেন অতিরিক্তি কিছু গ্রহণের শর্ত না করে; যদিও তা একমুঠো ঘাস হোক না কেন।' (মুয়াত্তায়ে মালেক : ২৫১৩)। তবে অ্যাডভান্সের ব্যাপারটি ভিন্ন। অ্যাডভান্সের বিপরীতে ভাড়া কমানোর সুযোগ রয়েছে। কেননা, তা ঋণ হিসেবে থাকে না; বরং অগ্রিম প্রদেয় ভাড়া। মোটকথা, সিকিউরিটি মানি বৃদ্ধির কারণে ভাড়ার স্বাভাবিক হার থেকে কমানো জায়েজ নয়। কিন্তু অ্যাডভান্সে জায়েজ আছে।