ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও প্রয়োজনীয় নির্দেশনা

ইসলামের অন্যতম অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। সঠিক ও মার্জিত উপায়ে কথা বললে খুব সহজেই অন্যকে নিজের দিকে আকৃষ্ট করা যায়। বিপরীতে, স্থান, কাল ও পাত্রভেদে কথা বলতে না পারার কারণে মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়। কথা এমন একটি বিষয়, যা মুখ দিয়ে একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই কথা বলার সময় বিশেষ আদব মেনে চলা জরুরি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি, যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে।' (তিরমিজি : ২৬২৭)।

ইসলাম মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেয় না। মিথ্যাবাদীকে দুনিয়ার মানুষ যেমন ঘৃণা করে, তেমনি আসমানের ফেরেশতারাও তাদের থেকে দূরত্ব বজায় রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়।' (তিরমিজি : ১৯৭২)।

মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি ভালো-মন্দ কথা সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছেন। আল্লাহতায়ালা বলেন, 'যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার কাছে একজন সদাতৎপর প্রহরী আছে।' (সুরা কাফ : ১৮)। তাই দুনিয়া ও আখেরাতের কোনো ফায়দা নেই এমন কথা বলা থেকে বিরত থাকা এবং ভেবেচিন্তে উপকারী কথা বলা প্রত্যেক মুমিনের কর্তব্য।

কথা বলার সময় তাড়াহুড়া করা দোষণীয়। রাসুলুল্লাহ (সা.) সবসময় ধীরে ধীরে কথা বলতেন। আয়েশা (রা.) বলেন, 'রাসুল (সা.) এমনভাবে কথা বলতেন, যদি কোনো গণনাকারীর গণনা করতে ইচ্ছে করত, তবে সে গণনা করতে পারত।' (মুসলিম : ৭৩৯৯)। এছাড়া কথা বলার সময় মধ্যম পন্থা অবলম্বন করা প্রয়োজন। কোরআনে বলা হয়েছে, 'তোমার বলার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো; নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ।' (সুরা লুকমান : ১৯)।

মানুষের সঙ্গে উত্তম পন্থায় কথা বলা ইসলামের সৌন্দর্য। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, 'আর তোমরা লোকের সঙ্গে উত্তমভাবে কথা বলবে।' (সুরা বাকারা : ৮৩)। এছাড়া রাসুল (সা.)-এর সামনে আওয়াজ উঁচু না করার ব্যাপারেও কঠোর সতর্কতা রয়েছে। যারা রাসুলের কাছে আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করেছেন এবং তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। (সুরা হুজুরাত : ২-৩)।

ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য বুদ্ধিমত্তার কোনো বিকল্প নেই। আল্লাহ বলেন, 'তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।' (সুরা নাহল : ১২৫)। মন্দ কথা বা কাজের প্রতিবাদ করতে হলে তা ভালোর মাধ্যমে করতে হয়। আল্লাহতায়ালা বলেন, 'ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো, তা দ্বারা যা উৎকৃষ্টতর। ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।' (সুরা হামিম আস-সাজদা : ৩৪)। এছাড়া মূর্খ লোকদের সঙ্গে তর্কে না জড়ানো মুমিনের গুণ। রহমানের বান্দারা অজ্ঞ লোকদের সম্বোধনের জবাবে সালাম বলে এড়িয়ে চলেন। (সুরা ফুরকান : ৬৩)।