যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভাবনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা নিয়ে তৈরি হওয়া চরম উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছে ইরানি সামরিক বাহিনী। শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার ‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে। তিনি স্পষ্ট করেন, এই পাল্টা ব্যবস্থার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না এবং নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার সমাপ্তি কখন হবে তা ইরানই ঠিক করবে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুসরণ করে সামরিক প্রস্তুতি পরিচালনা করা হচ্ছে। শত্রুপক্ষের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু তাদের আঘাত হানার কার্যপ্রণালিতে অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কল্পনাতীত জবাবের মুখে পড়বে এবং যুদ্ধের শেষ পরিণতি নির্ধারণ করার ক্ষমতা ইরানের হাতেই থাকবে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানে স্বল্প স্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র একটি আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গটি টেনে মেজর জেনারেল আলি আব্দুল্লাহি জানান, মার্কিনিরা কেবল একটি সীমিত আঘাত হেনে থেমে যেতে পারবে—এমন ধারণা ভুল। ইরানি ভূখণ্ডে পুনরায় আঘাত এলে তারা নিজেদের পরিকল্পনা ও ইচ্ছামতো পাল্টা আক্রমণ চালিয়ে যাবেন।

আক্রমণের শিকার হওয়ার জন্য বসে না থেকে আগেই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, প্রতিপক্ষের যেকোনো বৈরিতাপূর্ণ তৎপরতার আভাস পেলেই তাদের অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু বানাবে ইরান। শত্রু আগে হামলা করবে আর ইরানি বাহিনী অপেক্ষা করবে—এমনটি ঘটবে না। শত্রুদের সন্দেহজনক গতিবিধি নজরকাড়া মাত্রই আক্রমণের সঠিক সময় এবং ধরন নিজেদের মতো করে ঠিক করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরানি পর্যবেক্ষণ দলগুলো সার্বক্ষণিকভাবে মার্কিন ও ইসরায়েলি সামরিক গতিবিধির ওপর নজর রাখছে এবং সে অনুযায়ী আঘাতের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। জল, স্থল কিংবা আকাশ—যে পথ দিয়েই আগ্রাসন চালানো হোক না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।