ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ৭৫০টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এসব প্রতিষ্ঠান অদক্ষ এবং মুনাফার ভুয়া হিসাব দেখাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তদন্তের জন্য একটি বিশেষ আদালত গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
দেশটির প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় তালিকাভুক্ত মোট ১ হাজার ৭৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যে ২৯০টি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মাত্র প্রায় ৩০০টি প্রতিষ্ঠান চালু রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাবোও বলেন, এই প্রতিষ্ঠানগুলো দেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছাড়াই পরিচালিত হয় এবং প্রায়ই লোকসান দেওয়ার পরও মুনাফার দাবি করে।
২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করা প্রাবোও এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের কার্যক্রম তদন্তে একটি বিশেষ অ্যাডহক আদালত গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রয়োজনে এই তদন্ত গত তিন দশকের কার্যক্রম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে যারা নিজেদের ভুল স্বীকার করে অনুতপ্ত হবেন, তাদের জন্য বিশেষ ক্ষমার বিষয়টি বিবেচনা করতে তিনি আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন।
প্রাবোও আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ পাম তেল, নিকেল, টিন ও কয়লা উৎপাদনকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ থেকে দেশের জনগণ যথেষ্ট সুবিধা পাচ্ছে না। তিনি একটি নতুন খনিজ ও পণ্য বিনিময়কেন্দ্র বা কমোডিটি এক্সচেঞ্জ গঠনের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে ইন্দোনেশিয়া নিজেদের সম্পদের দাম নিজেরা নির্ধারণ করতে পারবে। তিনি আরও যোগ করেন, যারা এসব পণ্যের মালিক নয়, তাদের হাতে দাম নির্ধারণের বিষয়টি যুক্তিসঙ্গত নয় এবং ক্রেতারা নির্ধারিত দাম দিতে না চাইলে তাদের পণ্য কেনার প্রয়োজন নেই।

