সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫ শতাংশ কর ছাড়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে এই অনলাইন ব্যবস্থা চালু রাখা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য এই অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা কার্যকর হয়েছে। ২০২১ সালে এই সেবা চালুর পর থেকে এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং গত ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

নতুন এই নির্দেশনায় করদাতাদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। যেসব করদাতা আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বর মাসের পর রিটার্ন জমা দিলে এই সুবিধা আর পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে করদাতাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদধারী শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া অনলাইন নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি নিয়ে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে বলে এনবিআর নিশ্চিত করেছে।