এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত অথবা ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং খাদ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এই তথ্য জানান। তিনি বলেন, এল নিনোর প্রভাব নিয়ে আইএমএফ খুবই উদ্বিগ্ন। বিশেষ করে কৃষি ও ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ফলে খাদ্য নিরাপত্তার বিষয়টি তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এল নিনো হলো একটি প্রাকৃতিক বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি, যা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে প্রতি দুই থেকে সাত বছর পরপর দেখা দেয়। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন আসে। আবহাওয়াবিদদের মতে, চলতি বছরের এল নিনো আধুনিক সময়ের অন্যতম তীব্র পরিস্থিতি হতে পারে, যা জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়াকে আরও জটিল করে তুলতে পারে।
ইতিমধ্যে মধ্য আমেরিকার দেশগুলোতে খরার প্রভাব দেখা দিয়েছে এবং এশিয়ার দেশগুলোতে বর্ষাকালের বৃষ্টিপাতের ধরন ব্যাহত হচ্ছে। এতে এই দুই অঞ্চলেই কৃষি ও ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সিঙ্গাপুরে দেওয়া ওই সাক্ষাৎকারে ক্রিস্টালিনা জর্জিয়েভা দেশগুলোকে তাদের সীমিত আর্থিক ও রাজস্ব সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, অনেক দেশকে এই পরিস্থিতি মোকাবিলায় বাইরের অর্থায়নের ওপর নির্ভর করতে হতে পারে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আরও উল্লেখ করেন, বড় ধরনের প্রতিকূলতার মুখে দুর্বল দেশগুলোকে সুরক্ষা দেওয়া তাদের অন্যতম দায়িত্ব। তিনি ‘দ্বৈত বাহ্যিক ধাক্কার’ ঝুঁকির কথা তুলে ধরে বলেন, একদিকে এল নিনোর প্রভাব, অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি জানান, কিছু দেশ এই ধাক্কা সামলে নিতে পারলেও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, বাংলাদেশের মতো বেশি ঝুঁকিপূর্ণ দেশ এবং লাওসের মতো দরিদ্র দেশগুলোর জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে পারে। এই সংকট মোকাবিলায় তিনি সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

