আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার অঙ্গীকার ভঙ্গ করেছে। সংস্থাটির মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের জাতীয় সংসদে পাস হওয়া তিনটি নতুন আইন মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রকে সংকুচিত করেছে। এর ফলে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষায় যে সুরক্ষাকবচ তৈরি করেছিল, তা অনেকটাই তুলে নেয়া হয়েছে। এতে অতীতে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর সক্ষমতা হ্রাস পেয়েছে।
এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক এলাইন পিয়ারসন বলেন, নিরাপত্তা বাহিনীকে জবাবদিহিতার আওতামুক্ত রাখার এই সরকারি তৎপরতা অতীতের ভয়াবহ নিপীড়নের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করছে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহার তদন্তে একটি স্বাধীন মানবাধিকার সংস্থার কর্তৃত্ব থাকা জরুরি। সংস্থাটি উল্লেখ করে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সমালোচকদের ওপর দমন-পীড়ন নিয়মিত ঘটনা ছিল। বর্তমানে হত্যাকাণ্ড ও গুমের হার কমলেও রহমান সরকারও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকে রাখার ধারা অব্যাহত রেখেছে।
অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে দু’টি অধ্যাদেশ জারি করেছিল, যার মাধ্যমে গুম প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিতের সুনির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই অধ্যাদেশটি কার্যকর হতে দেয়নি। গত ৬ই সেপ্টেম্বর সংসদে পাস হওয়া নতুন আইনে কমিশনকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের ক্ষমতা দেয়া হয়নি; তারা কেবল প্রতিবেদন চাওয়ার সুযোগ পাবে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে এবং কমিশনের আর্থিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছে।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইনটিও অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিপরীত বলে মনে করে সংস্থাটি। নতুন আইনে গুমের তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে অন্য একটি নিরাপত্তা সংস্থাকে দেয়া হয়েছে। একই সাথে কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্মকর্তার দায়বদ্ধতার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড শিথিল করা হয়েছে।
অন্যদিকে ১০ই সেপ্টেম্বর পাস হওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইনে র্যাবের নাম পরিবর্তন করে নতুন বাহিনী গঠন করা হয়েছে। নতুন বাহিনীর লোগো ও গঠন কাঠামো আগের মতোই রাখা হয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সদস্যদের দায়মুক্তির কোনো সুনির্দিষ্ট বিধান নেই। এলাইন পিয়ারসন বলেন, তারেক রহমানের সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দ্রুতই শেখ হাসিনার নিপীড়নমূলক পথ অনুসরণ করছে, যা গভীর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক অংশীদারদের এখনই সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

